![]() |
| জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে |
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় সুজন মোল্লা ফকির (৪৫) নামের এক ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা ফকির কানাপাড়া গ্রামের মৃত আবু মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে পরিবারের সঙ্গে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান সুজন। আজ রোববার সকালে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। স্ত্রীর দাবি অনুযায়ী, বাথরুমে যাওয়ার সময় অসাবধানতাবশত দরজার সঙ্গে পিছলে পড়ে জ্ঞান হারান সুজন। পরে স্ত্রী তাঁকে অচেতন অবস্থায় ঘরে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। তবে নিহতের গলায় ক্ষতচিহ্ন দেখতে পেয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে সুজনকে তাঁর স্ত্রী গলা টিপে হত্যা করেছেন। নিহতের ভাই রুবেল মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাই পুরোপুরি সুস্থ ছিল। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ চলছিল। আজ সকালে শুনি ভাই মারা গেছে। তাঁর গলায় স্পষ্ট ক্ষতের চিহ্ন রয়েছে। তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
খবর পেয়ে নারায়ণপুর ফাঁড়ি পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।