আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, নারীরা শিক্ষিত ও উপার্জনক্ষম হলেই প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে।
![]() |
| নারী শিক্ষিত ও উপার্জনক্ষম হলেই ক্ষমতায়ন নিশ্চিত হবে: জামালপুরে ওয়ারেছ আলী মামুন |
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, আমরা সবসময় নারী অধিকার ও ক্ষমতায়নের কথা বলি। কিন্তু বাস্তবতা অনুধাবন না করলে নারী দিবসের বক্তৃতা শুধু কথার মাঝেই সীমাবদ্ধ থাকবে।
তিনি বলেন, সত্যি সত্যিই নারীদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে তাদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যে পরিবারে স্ত্রী উপার্জন করে, সেখানে তার ক্ষমতা ও সম্মান বেশি থাকে। এমনকি শাশুড়ির নিজস্ব সঞ্চয় বা সম্পত্তি থাকলে ছেলের বউ ও মেয়েরা তার বেশি যত্ন নেয়। মূল কথা হলো, মহিলারা শিক্ষিত ও উপার্জনক্ষম হলে তারা নিজেরাই শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।
রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষা ও দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পদক্ষেপ যুগান্তকারী ছিল। বর্তমান প্রধানমন্ত্রী দেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। ফ্যামিলি কার্ড সারা দেশের নারীদের মর্যাদা ও নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। তবে নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য শুধু ফ্যামিলি কার্ড যথেষ্ট নয়, মেয়েদের শিক্ষার হার ও মান বাড়িয়ে তাদের উপার্জনক্ষম করতে হবে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সনাক সদস্য তামান্না সালেহীন কবিতা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।