ঈদযাত্রায় ট্রেনের জাল টিকিট নিয়ে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে কম্পিউটারের দোকান থেকে অনলাইনে কাটা টিকিটের পিডিএফ কপি নিয়ে ঈদযাত্রায় বেরিয়ে চরম বিপাকে পড়ছেন অনেক যাত্রী। মঙ্গলবার (১৭ মার্চ) কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে এবং ট্রেনের ভেতরে চেকিংয়ের সময় বিপুল সংখ্যক জাল টিকিট শনাক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভুক্তভোগী যাত্রীদের অনেকেই স্বীকার করেছেন যে, তারা স্টেশনে না এসে বাইরের কম্পিউটারের দোকান থেকে এসব টিকিট সংগ্রহ করেছিলেন।
সরেজমিনে মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়া 'রংপুর এক্সপ্রেস' ট্রেনে একই আসনের টিকিটের পিডিএফ কপি তিনজনের কাছে পাওয়া গেছে। সিটে বসা নিয়ে বিরোধ সৃষ্টি হলে রেলওয়ে কর্তৃপক্ষ যাচাই করে দেখেন যে, তিনজনের মধ্যে মাত্র একজনের টিকিট বৈধ এবং বাকি দুজনেরটি নিখুঁতভাবে তৈরি করা জাল টিকিট।
এমনই এক ভুক্তভোগী যাত্রী মো. জুবায়ের হাসান জানান, "আমি কম্পিউটারের দোকান থেকে টিকিট কেটেছিলাম। এটা যে জাল হতে পারে তা আমার জানা ছিল না। এখন আবার জরিমানা দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে।" কমলাপুর রেলস্টেশনের দায়িত্বরত টিটিই জানান, জাল টিকিট নিয়ে যাত্রা করা যাত্রীদের শনাক্ত করে বিধি মোতাবেক জরিমানা করা হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার জালিয়াতির হার কিছুটা কম বলে তিনি দাবি করেন।
এদিকে মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে 'নীলসাগর এক্সপ্রেস' ৪৫ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো প্রায় নির্ধারিত সময়েই স্টেশন ত্যাগ করেছে। কড়াকড়ির কারণে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হলেও কিছু ট্রেনে দরজায় ও বগির ভেতরে দাঁড়িয়ে অনেককে যাত্রা করতে দেখা গেছে।
স্টেশন সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, ট্রেনের টিকিট সবসময় রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ থেকে সংগ্রহ করা উচিত। বাইরের অনিবন্ধিত কম্পিউটারের দোকান থেকে পিডিএফ কপি সংগ্রহ করলে এমন জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকি থেকে যায়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।