![]() |
| দেশজুড়ে বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার |
মজুতদারদের বিরুদ্ধে বড় জয়: এক মাসে উদ্ধার হলো পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং পাচার রোধে সরকারের গৃহীত বিশেষ অভিযানে সারা দেশে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে সিংহভাগই হচ্ছে ডিজেল, যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অভিযানে ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। সরকারের কঠোর নির্দেশনার পর জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে এই ঝটিকা অভিযানগুলো পরিচালিত হয়।
জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুতদাররা তেলের কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রির অপচেষ্টা চালাচ্ছিল। পাচার ও সরবরাহে এই ধরনের অনিয়ম প্রতিরোধেই মূলত অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।