![]() |
| বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, টহল জোরদার |
বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি: টহল জোরদার
ভারত থেকে বাংলাদেশ সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিচ্ছিদ্র নিরাপত্তা ও কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন।
জামালপুর ৩৫ বিজিবি’র আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ও সাতানীপাড়া বিওপিসহ (সীমান্ত ফাঁড়ি) মোট ৭২ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে ইতিমধ্যে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যদের টহল জোরদার করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপতৎপরতা, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ—বিশেষ করে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে সীমান্তে পাহারা দিচ্ছেন।
টহল জোরদারের পাশাপাশি বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় জনসাধারণের প্রতি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যাতে কেউ কোনো অবস্থাতেই সীমান্তের শূন্য রেখায় (জিরো পয়েন্ট) প্রবেশ না করেন। তবে বিজিবি ও স্থানীয় সুধী সমাজের কঠোর নজরদারির কারণে নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা ঘটেনি।
জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সম্পূর্ণ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণের সরাসরি সহযোগিতা নিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সীমান্তে আমাদের কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।