ইসলামপুরে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার খালে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে পানিতে ডুবে তাজিনা আক্তার (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কোদাল ধোয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিনা আক্তার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামের তারা শেখের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তাজিনা কয়েক দিন আগে ইসলামপুরের কোদাল ধোয়া গ্রামে তার খালার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসে। গতকাল বিকেলে খালার বাড়ির পাশে যমুনা নদীর একটি খালে সে অন্য সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তাজিনা নদীর গভীর পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
তাজিনাকে পানিতে ডুবে যেতে দেখে তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে এবং দৌঁড়ে গিয়ে পরিবারকে খবর দেয়। স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে যমুনার ওই খালে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর খালের পানির নিচ থেকে তাজিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নদী থেকে খালার বাড়িতে নিয়ে এসে স্থানীয় এক পল্লী চিকিৎসককে দেখালে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মন্ডল যমুনা নদীর খালে ডুবে শিশু তাজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিয়ের আনন্দের মধ্যে অবুঝ শিশু তাজিনার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় কোদাল ধোয়া গ্রামের বিয়ের বাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে রূপ নেয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।