![]() |
| বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড |
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করেছেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাতজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (৬ জুলাই) বিকেল তিনটার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া বেকসুর খালাস পাওয়া আসামির নাম ইদ্রিস আলী।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, গত ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে আসামিরা জোরপূর্বক তুলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আসামিরা ওই গৃহবধূকে পর্যায়ক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ন্যাক্কারজনক ঘটনার পরদিন ২৬ মে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পিপি আরও জানান, বকশীগঞ্জ থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন। দীর্ঘ শুনানি এবং উভয় পক্ষের আইনি যুক্তি-তর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আজ এই কঠোর ও ঐতিহাসিক রায় প্রদান করেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দ্রুততম সময়ের মধ্যে এই রায় কার্যকর হলে সমাজে অপরাধপ্রবণতা কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।