![]() |
| বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন |
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প’ (Establishing Digital Connectivity - EDC) এর আওতায় অ্যান্ড ইউজার কানেক্টিভিটি (End User Connectivity) প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ের বিশেষ প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) বকশীগঞ্জ উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যুগ্মসচিব সাইফুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) তানজিনা ইসলাম, বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার।
সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান লক্ষ্য হলো একেবারে তৃণমূল পর্যায়ে সরকারি ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এই ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে যে উচ্চগতির ইন্টারনেট ও প্রযুক্তিগত সংযোগ প্রদান করা হয়েছে, তা স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাবে। এর ফলে সাধারণ মানুষের নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ, স্বচ্ছ ও দ্রুততর হবে।” তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাহক ও প্রতিষ্ঠান প্রধানদের এই প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
আইসিটি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে প্রযুক্তি পরিচালনা সংক্রান্ত দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গ্রাহকদের কাছে সংযোগ এবং সেবার যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইসিটি প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।