![]() |
| মেলান্দহে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, পোশাক ব্যবসায়ী গ্রেপ্তার |
মেলান্দহে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, পোশাক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে প্রবাসীর স্ত্রীর গোপনে গোসলের দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেলিং ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১ আগস্ট) অভিযান চালিয়ে মেলান্দহ থানা-পুলিশ অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পৌর শহরের জিন্নাহ মার্কেটের এক কাপড়ের ব্যবসায়ী এবং দেওলাবাড়ী সরদারপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ পৌর শহরের জনতা ব্যাংক ভবনের তিন তলায় সন্তানদের নিয়ে ভাড়া থাকেন এক সৌদিপ্রবাসীর স্ত্রী। গত বুধবার রাত আটটার দিকে বাসার বাথরুমে গোসল করার সময় কৌশলে জানালা দিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন শফিকুল। পরবর্তীতে ধারণ করা ওই স্পর্শকাতর ভিডিও প্রবাসে থাকা তাঁর স্বামী ও স্বজনদের ইমো বা মেসেঞ্জারে পাঠিয়ে ব্লাকমেইল ও ভয়ভীতি প্রদর্শন করা শুরু হয়।
উপায় না পেয়ে ভুক্তভোগী নারী মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।