![]() |
| মেলান্দহে র্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান |
মেলান্দহে র্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিরাপদ ও সম্ভাবনাময় ছাত্রসমাজ নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক এক ব্যতিক্রমী ‘টাউন হল সভা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার লাবিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
‘নিরাপদ ও সম্ভাবনাময় ছাত্রসমাজ নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব’ শীর্ষক এই উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন— বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহন তালুকদার, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাগ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— মেলান্দহ বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টাউন হল সভায় বক্তারা বলেন, “তরুণ ও ছাত্রসমাজকে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর জন্য পরিবার, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশীদারিত্ব প্রয়োজন।” বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে র্যাব কমান্ডার লাবিদ হাসান বলেন, “র্যাব সব সময় অপরাধ দমনের পাশাপাশি একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাব ও পুলিশ জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর।”
সভায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।