![]() |
| মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে |
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি নাশকতা মামলায় দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সৈয়দ খালেকুজ্জামান জুবেরী মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন।
মেলান্দহ থানা পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালায়। এ সময় নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে কড়া পুলিশি পাহারায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামানের বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
থানা পুলিশ আরও জানিয়েছে, ওই নাশকতা মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।