![]() |
| স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন |
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না: ওয়ারেছ আলী মামুন
বিগত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ অর্থনৈতিক লুটপাট ও ব্যাপক দলীয়করণের মাধ্যমে দেশকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, "বিগত সরকার প্রশাসনকে নিজেদের দলীয় বাহিনীতে পরিণত করেছিল, যার নজির আপনারা এখনো দেখতে পাচ্ছেন। গত ৫ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের কারণে তারা রাজনৈতিকভাবে কোণঠাসা ও নিষিদ্ধ ছিল, তবে পট পরিবর্তনের পর রাজনীতি করার এবং বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে।"
তিনি জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, "তারা যদি এবার পতিত স্বৈরাচারের সাথে কোনো প্রকার আঁতাত করে, তবে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর পাবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি এ দেশের মাটিতে আবারও কার্যকর করা হবে।"
জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।