![]() |
| জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার |
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, বিশেষ চিহ্নের প্রমাণ উদ্ধার
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতেই দুদকের একটি দল সাধারণ সেবাগ্রহীতা সেজে ছদ্মবেশে পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটার দোকানগুলোতে অনুসন্ধানে নামে। অনুসন্ধানে বেরিয়ে আসে, এসব নির্দিষ্ট কম্পিউটার দোকানের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা দিলে দ্রুত কাজ শেষ করে দেওয়া হয়। এক্ষেত্রে দালাল চক্রের আবেদনে বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো। অন্যদিকে, যারা সরাসরি নিয়ম মেনে আবেদন করেন, তাঁদের নানা প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়।
পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদকে সঙ্গে নিয়ে মূল পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের দল। অভিযানে কয়েকটি পাসপোর্ট আবেদনের পাতায় দালালদের ব্যবহৃত ওই বিশেষ প্রতীকি বা সাংকেতিক চিহ্নের স্পষ্ট সত্যতা পাওয়া যায়। তবে দুদকের অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজন একজনকে পাওয়া গেলেও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে দালালদের ব্যবহৃত বিশেষ চিহ্নের বিষয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা কোনো সুনির্দিষ্ট বা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, "অভিযানের বিস্তারিত তথ্য ও প্রাপ্ত প্রমাণ যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে সমন্বিত জেলা কার্যালয় ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী আইনি নির্দেশনা বা আদেশ এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযান পরিচালনাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুদকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।