![]() |
| জামালপুর জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে টিআইবি ও সনাকের গণশুনানি |
জামালপুর জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে টিআইবি ও সনাকের গণশুনানি
২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।
এ সময় জামালপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. মুর্শিদুল হক, সনাক সদস্য শুভ্র মেহেদী, আসমাউল আসিফ, সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা জানান, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে মাত্র ১৫০ শয্যার উপযোগী জনবল রয়েছে। কিন্তু প্রতিদিন গড়ে ছয়শতেরও বেশি রোগী ভর্তি থাকেন। ফলে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী হওয়ায় রোগীদের বারান্দায় নিজস্ব ব্যবস্থাপনায় শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা গেলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান সহজ হবে।
গণশুনানিতে সেবা নিতে আসা আল আমিন, সজিব মাহমুদ ও সাহিদা আক্তারসহ একাধিক রোগী ও তাদের স্বজনেরা উপস্থিত হয়ে ২১টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়, ফ্যান ও বাতি অচল থাকা, সেবা প্রদানে বিলম্ব ও হয়রানি এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়গুলো প্রধান হিসেবে উঠে আসে।
রোগীদের বক্তব্য শোনার পর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।