![]() |
| বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন |
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকার আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় পরিবহনকালে এসব সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পার করে অবৈধ স্থানে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি আটক করেন। পরবর্তীতে কাগজপত্র যাচাই-বাছাই করে সারগুলো অবৈধভাবে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তা জব্দ করা হয়।
জব্দকৃত সারগুলো তাৎক্ষণিকভাবে বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, "অবৈধভাবে নিয়ে যাওয়া ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সারগুলো সরকারি বিধি অনুযায়ী ন্যায্যমূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।