![]() |
| বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্র আধুনিকায়নে কনসালটেশন সভা অনুষ্ঠিত |
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্র আধুনিকায়নে কনসালটেশন সভা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ের সীমান্তঘেঁষা নৈসর্গিক লাউচাপড়া পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন, নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ উল হাসান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, সহসভাপতি আকতার হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল তুহিন, শিক্ষক খোরশেদ আলম এবং স্থানীয় ব্যবসায়ী ও নৃগোষ্ঠী প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
কনসালটেশন সভায় "বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন উন্নয়ন" শীর্ষক মেগা প্রকল্পের আধুনিক রূপরেখা, নতুন ডিজাইন ও কাঠামোগত পরিবর্তনের চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় পর্যটন কেন্দ্রটিতে বিশ্বমানের শিশু পার্ক, আধুনিক রাইড, গারো নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কালচারাল কর্নার, মানসম্মত হোটেল-মোটেল, নিরাপদ খাবার পানি, পাঠাগার, প্রতিবন্ধীবান্ধব ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, পর্যটকদের সুরক্ষায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং বকশীগঞ্জ-লাউচাপড়া সংযোগ সড়ক প্রশস্ত করার দাবি জানান বক্তারা।
মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, প্রাপ্ত মতামত ও চাহিদার আলোকে প্রস্তাবিত ডিজাইন চূড়ান্ত করে দ্রুততম সময়ে লাউচাপড়াকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।