![]() |
| বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ করলেন ইউএনও |
বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ করলেন ইউএনও
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী উপজেলায় পাচারকালে ২৩ বস্তা সরকারি বিএডিসি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ ঝটিকা অভিযান চালান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি ভ্যানগাড়িতে ২৩ বস্তা বিএডিসির সার বোঝাই করে অন অবৈধভাবে ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইউএনও। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ভর্তি ভ্যানগাড়িটি রেখে সটে পড়ে। পরে সারগুলো জব্দ করে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থল থেকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, "সারগুলো কোথায় থেকে সরবরাহ করা হয়েছিল এবং এর পেছনে কোন ডিলার বা কালোবাজারি জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে সার কিনতে গেলে প্রায়ই কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হয় অথবা সার ছাড়া খালি হাতে ফিরতে হয়। তবে এই অব্যবস্থাপনা বন্ধে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে ডিজিটাল ও অ্যাপস-ভিত্তিক নতুন সার বিতরণ পদ্ধতি চালু করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, "নতুন এই অ্যাপসের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থা জোরদার করায় কৃত্রিম সংকট বা ডিলারদের অনিয়মের সুযোগ বন্ধ হবে। নিবন্ধিত কৃষক তাঁর প্রকৃত চাহিদানুযায়ী সার পাবেন।"






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।