![]() |
| বকশীগঞ্জে গভীর রাতে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা, থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ |
বকশীগঞ্জে গভীর রাতে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা, থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জে এক অসহায় বৃদ্ধার বসতঘরে গভীর রাতে আগুন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। এতে ঘরটির টিনের দুচালা কাঠামো, ঘরে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানায় ৮ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গুমেরচর গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী নুরেদা বেগম (৬০) কয়েকদিন আগে নিজ বাড়িতে তালা দিয়ে মেয়েদের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর ও মালামাল ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে সকালে এসে নিজের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা।
ভুক্তভোগী নুরেদা বেগম ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আমার চার মেয়েকে পৈতৃক জমি লিখে দেওয়ায় আমার সৎ ছেলে ও সৎ নাতিরা আমার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সম্পত্তি না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে আমাকে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। সেই আক্রোশ থেকেই তারা সুযোগ বুঝে আমার বসতঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও ফাঁসি চাই।"
এ ঘটনায় বৃদ্ধা নুরেদা বেগম বাদী হয়ে তাঁর সৎ ছেলে শাহজাহান, নাতি মো. সাইফুল ও আমিনুল হকসহ মোট ৮ জনের নাম উল্লেখ করে বকশীগঞ্জ থানায় অভিযোগ জমা দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বৃদ্ধার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



.webp)



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।