![]() |
| বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি |
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে হাতেনাতে ধরা পড়া মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত দলা মিয়া বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মৃত আবুলের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বকশীগঞ্জে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, পাখিমারা এলাকায় এক যুবক জনসম্মুখে মাদক সেবন করছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে আটক করে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধী দলা মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও বিনাশ্রম সাজার আদেশ দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বকশীগঞ্জে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


.webp)




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।