![]() |
| বকশীগঞ্জে মুদির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু |
বকশীগঞ্জে মুদির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ইসলাম ওই ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত মিয়ার ছেলে। সে এ বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পারভেজ আইরমারী গ্রামের স্থানীয় একটি মুদির দোকানে বিদ্যুতের মেরামতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত একটি সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদ্য এসএসসি পাস করা ১৬ বছর বয়সী এই অদম্য তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। পারভেজের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




.webp)


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।