![]() |
| রৌমারীতে সারের জন্য হাহাকার: ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট |
রৌমারীতে সারের জন্য হাহাকার: ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট, সামলাতে পুলিশ ও বিজিবি
কুড়িগ্রামের রৌমারীতে সার না পেয়ে কৃষকদের মাঝে তীব্র হাহাকার ও চরম উত্তেজনা বিরাজ করছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডিলারের দেখা না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার লুট করে নিয়ে গেছেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় 'মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ'-এর ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার শত শত কৃষক সারের জন্য গভীর রাত থেকে ওই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। সকাল ১১টা পার হয়ে গেলেও ডিলার সার বিতরণ শুরু না করায় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ধৈর্য হারিয়ে গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সার ডিলার মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণের কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি প্রশাসনের সহযোগিতা চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেই সুযোগেই অপেক্ষমাণ কৃষকেরা গোডাউন ভেঙে শতাধিক বস্তা ইউরিয়া সার লুট করেন। ঠিক কত বস্তা সার নেওয়া হয়েছে, তা হিসাব শেষে জানা যাবে।
অপরদিকে, একই দিন রৌমারী সদর ইউনিয়নের 'মেসার্স অনুপম ট্রেডার্স' চত্বরেও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘ সময় প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে উত্তেজিত জনতা গোডাউনের শাটার ভেঙে সার নেওয়ার চেষ্টা করে। এ সময় কৃষকদের মাঝে হাতাহাতি, ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সার সংকটের বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া জানান, "উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরলে সবাই নিয়ম অনুযায়ী সার পাবেন। বিশৃঙ্খলা ও গুজব রোধে আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে খোলাবাজারে (ওএমএস) সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ঘটনার বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, "আমি নিজে বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন করছি। একটি বিক্রয়কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি মাঠে কাজ করছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।