![]() |
| বিয়ের দাওয়াতের কথা বলে যৌনপল্লীতে নারী পাচার, জামালপুরে উদ্ধার ১ |
বিয়ের দাওয়াতের কথা বলে যৌনপল্লীতে নারী পাচার, জামালপুরে উদ্ধার ১
আত্মীয়ের বিয়ের দাওয়াতের কথা বলে ফাঁদে ফেলে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে পাচার করা এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণীর (২০) বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। পুলিশ ও স্বজনেরা জানান, প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন ওই নারী। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি পারিবারিক কোন্দলের কারণে স্বামী গ্রামে চলে গেলে একপর্যায়ে স্ত্রীকে ফোন করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে বলেন। তবে সেখানে গিয়ে স্বামীকে না পেয়ে অপেক্ষা করার সময় 'ইনু' নামের এক নারীর সঙ্গে পরিচয় হয় তার।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ওই নারী বিয়ের দাওয়াতের কথা বলে তরুণীকে জামালপুরে নিয়ে আসেন। পরবর্তীতে বাস টার্মিনাল এলাকা থেকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে এক রাত আটক থাকার পর বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী কৌশলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
সংবাদ পেয়ে স্বজনেরা ঢাকার উত্তরা থেকে দ্রুত জামালপুরে এসে পুলিশের কাছে আইনি সহায়তা চান। আবেদনের ভিত্তিতে আমলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী প্রতারক চক্র ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।