![]() |
| বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে |
বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম দত্তেরচর এলাকায় এক মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আবু হানিফ বকশীগঞ্জ উপজেলার রামরামপুর পানাতিবান্ধা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর একটি চৌকস দল পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় আবু হানিফকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস লালচে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আবু হানিফের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ সোমবার তাকে জামালপুর জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর ডিবি-২-এর অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান জানান, "মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের সঙ্গে জড়িত যে কারোর বিরুদ্ধে ডিবি পুলিশের এই কঠোর জিরো-টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।