![]() |
| ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই |
nতরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন আলোচকেরা। এ জন্য তরুণদের প্রশিক্ষণ, পরামর্শ, অর্থায়ন ও প্রয়োজনীয় সহযোগিতার পরিসর বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। ‘একতায় গড়ি আগামী’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ প্রদর্শনের পাশাপাশি মতবিনিময়, কর্মশালা ও আলোচনা সভা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে রূপান্তর করতে হবে। তাঁর মতে, নেটওয়ার্কের মাধ্যমে অনেকের সঙ্গে পরিচয় হয়, কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা যেখানে সংকটে মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে; এমনকি দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
আসিফ সালেহ্ আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধ থেকে কমিউনিটি গড়ে ওঠে, যেখানে ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখা জরুরি এবং ব্যর্থতায় কাউকে ছোট না করে ঘুরে দাঁড়ানোর সাহস দিতে হয়। ‘আমরা নতুন নেটওয়ার্ক’ প্রসঙ্গে তিনি জানান, ব্র্যাক প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কাজের প্ল্যাটফর্ম দিলেও পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই; বিভিন্ন জেলার তরুণদের যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও চেঞ্জমেকার হিসেবে গড়ে তুলছে। বর্তমানে এ নেটওয়ার্কে প্রায় ৩ হাজার অ্যালামনাই রয়েছেন এবং আগামী বছরের শেষ নাগাদ তা ৬ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে ব্র্যাকের বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান ও সামাজিক উদ্যোগের পরিসর বাড়ানোর কথাও জানান তিনি।
নেটওয়ার্কের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, দেশের নানা সমস্যার সমাধানে তরুণদের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে এ নেটওয়ার্ক।
আয়োজনে ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর তরুণ চেঞ্জমেকারদের পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগ প্রদর্শিত হয়। পাশাপাশি সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা ১০টি প্রকল্প ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয় এবং এর মধ্য থেকে সেরা তিনটি উদ্যোগকে পুরস্কৃত করা হয়। বিজয়ী উদ্যোগগুলো হলো—চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতার উদ্যোগ ‘কানন’ এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি ও জীবিকার সুযোগ সৃষ্টির উদ্যোগ ‘শুন্য’। অ্যাওয়ার্ড বিজয়ীরা ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ পাবেন।
সম্ভাবনাময় ধারণাকে টেকসই সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার বিষয়ে সেশন পরিচালনা করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাদির এবং অ্যালামনাই বিথী আক্তার। প্রদর্শন করা হয় নেটওয়ার্কের থিমভিত্তিক অডিওভিজ্যুয়াল প্রেজেন্টেশন।
এ ছাড়া ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের নাটক ও পাপেট শো এবং সাংস্কৃতিক পর্বে এএনএন সদস্যদের পাশাপাশি শিরোনামহীন ব্যান্ড ও শিল্পী মিফতাহ জামানের সংগীত পরিবেশনা উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হওয়া ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করছে। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এ উদ্যোগের আওতায় ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ নিয়েছেন এবং অ্যালামনাইরা ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন। আয়োজনের শেষ দিন ২৯ নভেম্বর (রোববার) মানসিক সুস্থতা, আন্তঃপ্রজন্ম সংলাপ, প্যানেল আলোচনা, ক্যারিয়ার ও অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।