![]() |
| জুলাই অভ্যুত্থানকারীদের সাংবিধানিক সুরক্ষা দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |
জুলাই যোদ্ধাদের জন্য সুরক্ষা বিল আসছে: গুম-খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার
জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে লড়াই করেছেন, তাঁদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে বিল পাস করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ এখন থেকে নিয়মিত আইন হিসেবে পাস করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা ও সহিংসতা চালিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়েছিল।
সেই সময়কার সংঘর্ষ ও প্রাণহানিগুলোকে আমরা ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে বিবেচনা করছি এবং এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে।”
শেখ হাসিনা ও সহযোগীদের বিচার:
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে এসব রায় সরাসরি সম্প্রচার করা হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী জোরালোভাবে বলেন, “বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। ইনশাআল্লাহ, গত ১৬ বছরে এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে।”
পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা:
প্রশ্নোত্তর পর্বে রংপুর থেকে নির্বাচিত এনসিপি সংসদ সদস্য আখতার হোসেন গত ১৬ বছরে পুলিশের বিতর্কিত ভূমিকা এবং বিশেষ করে জুলাই মাসে কিছু কর্মকর্তার অতি-উৎসাহী হয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি যেসব পুলিশ কর্মকর্তা আইনের বাইরে গিয়ে নিজের উদ্যোগে হত্যা ও নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।