ভারতীয় বিমানবাহিনীতে পাকিস্তানি চর গ্রেফতার: পাচার হয়েছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য
ভারতীয় বিমানবাহিনীর ভেতরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামের ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে কর্মরত সুমিত কুমার (৩৬) নামে ওই বেসামরিক কর্মচারীকে গ্রেফতারের পর তাঁর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। রাজস্থান গোয়েন্দা সংস্থা গত রোববার (২২ মার্চ) জানিয়েছে, রাজস্থান ও বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে সুমিতকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। অভিযুক্ত সুমিত উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তিনি বিমানবাহিনীতে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
তদন্তকারী কর্মকর্তারা জানান, গত জানুয়ারি মাসে রাজস্থানের জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের পর এই বিশাল নেটওয়ার্কের তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই সুমিতকে ডিব্রুগড় থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমিত স্বীকার করেছেন যে, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতের সামরিক গোপন তথ্য সরবরাহ করছিলেন। অতিরিক্ত পুলিশ মহাপরিচালক প্রফুল্ল কুমার জানান, সুমিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় বিমানবাহিনীর অত্যন্ত সংবেদনশীল বিবরণ পাচার করেছেন। এর মধ্যে রয়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমানের অবস্থান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কৌশলগত অবস্থান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত তথ্যসহ বিভিন্ন রণকৌশল সংক্রান্ত নথি।
গ্রেফতারকৃত সুমিতকে বর্তমানে জয়পুরের একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রাখা হয়েছে, যেখানে একাধিক সংস্থা তাঁকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই চরবৃত্তির সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং ভারতের আরও কত গভীরে এই নেটওয়ার্ক বিস্তৃত, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।