![]() |
| বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির বিশেষ শুভেচ্ছা ও সংহতি বার্তা |
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা: গভীর অংশীদারিত্বের অঙ্গীকার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছাবার্তায় দ্রৌপদী মুর্মু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ভারতের রাষ্ট্রপতি তাঁর চিঠিতে দুই দেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে একে অপরের সঙ্গে আবদ্ধ। এই অভিন্ন উত্তরাধিকারই মূলত দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের মজবুত ভিত্তি গড়ে তুলেছে।
তিনি আরও উল্লেখ করেন যে বছরের পর বছর ধরে দুই দেশ সংযোগ (কানেক্টিভিটি), বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ এবং শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনমুখী উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই দ্বিপক্ষীয় সহযোগিতার সুফল সীমান্তের উভয় পাশের সাধারণ নাগরিকরা ভোগ করছেন।
ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দ্রৌপদী মুর্মু বলেন যে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে এবং দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ভারত সর্বদা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
চিঠির শেষাংশে তিনি বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য শুভকামনা ব্যক্ত করেন। স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে ভারতের রাষ্ট্রপতির এই বার্তা দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।