![]() |
| কাজিপুর পৌরসভায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন |
পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব: কাজিপুরে ৯৩ লক্ষ টাকার রাস্তা নির্মাণ শুরু
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার মাজাহারুল ইসলাম মিলিটারির বাড়ি হতে কবরস্থান হয়ে আব্দুর রাজ্জাকের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
পৌরসভা সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ৪০০ মিটার দীর্ঘ এই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৩ লক্ষ টাকা। 'তুহিন এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
রাস্তাটির ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এস এম সাহু সুলতান, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং সাংবাদিক এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, এই রাস্তাটি নির্মিত হলে মহল্লার কয়েকশো পৌরবাসীর দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি দূর হবে। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানির কারণে মহল্লাবাসীর লাশ কবরস্থানে নিয়ে যেতে যে অবর্ণনীয় কষ্ট হতো, এই আরসিসি রাস্তাটি সম্পন্ন হলে সেই দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।