![]() |
| জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন |
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ফলজ গাছ কেটে তাণ্ডব, গৃহবধূকে মারধর ও নির্মিত সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। অভিযুক্তদের শাস্তি ও নিজেদের পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে জামালপুরের দয়াময়ী এলাকার একটি কার্যালয়ে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আজাহার আলী ও তাঁর স্ত্রী আকলিমা বেগম।
লিখিত বক্তব্যে আজাহার আলী জানান, গত বছরের ১২ ফেব্রুয়ারি দলিল মূলে চরগজারিয়া মৌজায় ৫ শতাংশ জমি ক্রয় করে সরকারি নিয়মে নামজারি (খারিজ) সম্পন্ন করেন। পরবর্তীতে সেখানে বসতভিটা নির্মাণ ও নিরাপত্তার স্বার্থে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ৯০ ফুট দীর্ঘ ও ৭ ফুট উঁচু ইটের সীমানা প্রাচীর তৈরি করে বসবাস শুরু করেন।
আজাহার আলী অভিযোগ করে বলেন, “আমরা বসবাস শুরু করার পর থেকেই প্রতিবেশী মো. ওমর আলী, মো. জসিম উদ্দিন, মো. ওয়াহিম উদ্দিন ও মো. শান্ত মিয়াসহ তাঁদের সহযোগীরা আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বাড়ি ছাড়া করা ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক করে আমাদের শান্তিতে বসবাসের সিদ্ধান্ত দিলেও তা অমান্য করে বিবাদীরা।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আকলিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ২০ জুলাই রাতে বিবাদীরা অতর্কিত হামালা চালিয়ে আমাদের ঘরে তালা ঝুলিয়ে দেয় এবং আঙিনার প্রায় ১৫টি বড় গাছ কেটে ফেলে। জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ঘরের তালা ভেঙে আমাদের উদ্ধার করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই বিবাদীরা ঘরে ঢুকে আমাকে মারধর করে লাঞ্ছিত করে। পরবর্তীতে ওই রাতেই তারা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে আমাদের পুরো সীমানা প্রাচীরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়।”
সংবাদ সম্মেলনে আকলিমা বেগম আরও বলেন, “সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আমরা এখন চরম প্রাণভয়ে দিন কাটাচ্ছি। ইতোমধ্যে আমি জামালপুর আদালতে লিখিত অভিযোগ দাখিল করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।