![]() |
| প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত |
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়াম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, “শিশুদের স্কুলমুখী করতে এবং কোনো শিশু যেন অবহেলার শিকার না হয়, সে জন্য আমরা মিড ডে মিল চালু করতে যাচ্ছি। অসহায় পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সরকারের চলমান বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি। মসজিদের ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে, পর্যায়ক্রমে দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের এই ভাতার আওতায় আনা হবে। এ ছাড়া শিক্ষিত বেকারদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের জন্য পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
বক্তব্যে বকশীগঞ্জের পর্যটন কেন্দ্র লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন নিয়ে মহাপরিকল্পনার কথা ব্যক্ত করার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অডিটোরিয়ামের উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ৫৮টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।