![]() |
| ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার |
ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে ভারতীয় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিজেদের মধ্যে ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান হয়। পরবর্তীতে ওই তরুণীর আপত্তিজনক ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তরুণীর নিকটাত্মীয়দের কাছে পাঠাতে শুরু করেন মোস্তাফিজুর। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পরবর্তীতে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জামালপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন পাঠানো হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ওই যুবকের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল পরীক্ষা ও পর্যালোচনা করে তরুণীর নিকটাত্মীয়দের কাছে আপত্তিজনক ছবি-ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সত্যতা পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে গ্রেপ্তার আসামীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।