![]() |
| জামালপুরে নিজ ঘর থেকে হাসপাতালের নার্সের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ |
জামালপুরে নিজ ঘর থেকে হাসপাতালের নার্সের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
জামালপুর শহরের চালাপাড়ায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নারী সেবিকার (নার্স) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নিহত রোকসানা আক্তার শিলা শহরের চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং রফিকুল ইসলামের স্ত্রী। তিনি জামালপুর শহরের ‘সেবা জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘরের ভেতর শিলার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড কি না এবং ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে, তা উদঘাটনে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।