![]() |
| কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান |
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহনাজ পারভীন। তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং কাজিপুরে কর্মরত অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
শাহনাজ পারভীন এর আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। কাজিপুরে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা তাঁকে প্রশাসনিক কাজের স্বার্থে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
একই অনুষ্ঠানে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি পদোন্নতি পেয়ে সম্প্রতি নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন।
কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।