![]() |
| জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু |
জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে এবং এক মাদরাসা শিক্ষার্থীসহ পৃথক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকা এবং মেলান্দহের কোনামালঞ্চ গ্রামে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) ও তাঁর ছেলে রাজু আহমেদ (১৪)। অন্য দুর্ঘটনায় নিহত হয়েছে মেলান্দহের কোনামালঞ্চ এলাকার সোলাইমান ইসলাম কাজলের ছেলে ও কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ (১৫)।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় আব্দুর রশিদের ঘরের বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। ছেলে রাজু নিজে থেকে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা লাকী আক্তার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে ছটফট করতে দেখে উদ্ধার করতে গিয়ে দাদি বুলি বেগমও গুরুতর আহত হন। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত দাদি বুলি বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, কোনামালঞ্চ আমেনা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র জুনাইদ ছুটি হওয়ার আগে বাইরে খেলতে যায়। ছুটি শেষে কর্তৃপক্ষ কক্ষ তালাবদ্ধ করে চলে গেলে জুনাইদ পরে টিনের চালের নিচ দিয়ে কক্ষে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।