![]() |
| উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার |
উল্লাপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাই, ভুয়া ডিবি গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে এক ব্যবসায়ীকে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উল্লাপাড়া পৌরসভার চর ঘাটিনা এলাকা থেকে তাঁকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার নেওয়ারগাছা গ্রামের মৃত আশরাফ ঝন্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার নতুন পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী সোলায়মান হোসেন একটি প্রাইভেটকার নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তাঁর গাড়ির গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় কয়েকজন জোরপূর্বক তাঁর গাড়িতে উঠে পড়ে এবং বাকিরা মোটরসাইকেলে পিছু নিয়ে গাড়িটি চর ঘাটিনা এলাকায় নিয়ে থামায়।
সেখানে ডিবি পরিচয়দানকারীরা অস্ত্রের মুখে সোলায়মানের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও দামি ঘড়িসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় সুযোগ বুঝে ব্যবসায়ী সোলায়মান জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে শহরের টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চক্রের সদস্য সোহাগকে একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে অর্থ ও মালামাল লুট করে আসছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোলায়মান হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ছিনতাই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।