![]() |
| দিল্লিতে দেওবন্দগামী শিক্ষার্থীদের ওপর উগ্রবাদীদের চড়াও: ধৈর্যের পরিচয় দিলেন ভুক্তভোগীরা |
দিল্লিতে দেওবন্দগামী শিক্ষার্থীদের ওপর উগ্রবাদীদের চড়াও: ধৈর্যের পরিচয় দিলেন ভুক্তভোগীরা
ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে লাঞ্ছিত হয়েছেন একদল মুসলিম শিক্ষার্থী।
গত ২৬ মার্চ হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশে যাওয়ার পথে দিল্লি রেলওয়ে স্টেশনে কানেক্টিং ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটির সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দাড়ি, টুপি এবং ঐতিহ্যবাহী পোশাক পরিহিত একদল শিক্ষার্থী প্ল্যাটফর্মে শান্তভাবে দাঁড়িয়ে আছেন।
এমন সময় গেরুয়া পোশাকধারী এক ব্যক্তি তাঁদের দিকে তেড়ে এসে হিন্দিতে চিৎকার করে হুমকি দিতে থাকেন। ওই ব্যক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে থাকেন, "এয়, গায় কা হত্যা করো মত... নেহি তো তেরা হত্যা করেঙ্গে" (গরু হত্যা করো না, না হলে তোমাদের মেরে ফেলব)।
কোনো উস্কানি ছাড়াই এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলেও শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দেন এবং কোনো তর্কে জড়াননি।
ভুক্তভোগী এক মাদ্রাসা শিক্ষার্থী জানান, তাঁরা কেবল ট্রেনের অপেক্ষায় ছিলেন এবং কারও সঙ্গে কোনো কথা বা বিতণ্ডায় জড়াননি।
তিনি সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "কিছু মানুষ কুর্তা-পাজামা বা ধর্মীয় পোশাক দেখে আপনাদের টার্গেট করতে পারে। তারা চায় আমরা রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখাই, যাতে আমাদের আইনি ঝামেলায় ফেলা যায় বা দাঙ্গা সৃষ্টি করা যায়। তাই এসব দুষ্কৃতীদের জবাব না দিয়ে শান্তভাবে এড়িয়ে চলাই শ্রেয়।"
ভিডিওর এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলতে শোনা যায়, "ভারতে এখন মুসলমানদের রক্ত পশুর রক্তের চেয়েও সস্তা হয়ে গেছে।"
এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।