নড়াইল পুলিশ লাইনস ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা
নড়াইল পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে ব্যারাকের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
নিহত ছনিয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছনিয়া গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ হতাশাগ্রস্ত ছিলেন। তবে কী কারণে তিনি এই হতাশায় ভুগছিলেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা থাকা অবস্থায় নিজের ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পুলিশ লাইনসে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। এরপর পরিবারের সদস্যরা তাঁর মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সহকর্মীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নড়াইল পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।