![]() |
| নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের যাত্রা শুরু: অসুস্থ আজিজুল হককে আজীবন সহায়তার ঘোষণা |
মানবিকতার অঙ্গীকারে নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের পথচলা শুরু
সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে ময়মনসিংহের নান্দাইলে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “ইছহাক রওশন ফাউন্ডেশন”। রোববার (২৯ মার্চ) বিকেলে নান্দাইল পৌরসভার কাকচর এলাকায় এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। প্রথম উদ্যোগ হিসেবে এলাকার দীর্ঘদিনের অসুস্থ ও অসহায় আজিজুল হককে খাদ্য এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসরাত শামস মলি। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য)-এর সহধর্মিণী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজিজুল হকের মতো অসুস্থ মানুষদের চিকিৎসায় আমরা সবসময় পাশে থাকব এবং তাঁকে আমৃত্যু এই সহায়তা প্রদান করা হবে, ইনশাল্লাহ।”
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল। এছাড়াও ফাউন্ডেশনের সদস্য আরীক শামস, সায়ীক শামসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রবিউল করিম ভুইয়া বিপ্লব জানান, আজিজুল হক প্রায় ২০ বছর ধরে কর্মঅক্ষম এবং গত কয়েক বছর ধরে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছিলেন। তাঁর এই করুণ পরিস্থিতিতে মানবিক সাড়া দিতেই ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা। সহায়তা পেয়ে আবেগাপ্লুত আজিজুল হক বলেন, “আমি অনেক বছর ধরে অসুস্থ, সংসার চালানো খুব কষ্ট হয়ে গিয়েছিল। আজ যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাঁদের ভালো রাখুন। এই সাহায্য আমার জন্য অনেক বড় আশীর্বাদ।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইছহাক রওশন ফাউন্ডেশনের এই সহায়তা কেবল এককালীন নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে এই সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।