ভর্তুকির সুফল বনাম মজুদদারের কৌশল: তেলের কৃত্রিম সংকটে পিষ্ট সাধারণ মানুষ
বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে এখন অস্থিরতার হাওয়া। ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে ইউরোপ—সবখানেই তেলের দাম আকাশচুম্বী। আন্তর্জাতিক এই সংকটের ঢেউ বাংলাদেশেও লাগার কথা ছিল এবং স্বাভাবিক নিয়মেই তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দেশের সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের কথা চিন্তা করে সরকার এক ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার—জ্বালানির দাম বাড়লে পরিবহনসহ সবকিছুর দাম বেড়ে যায়, যা মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়াবে।
তবে সরকারের এই জনবান্ধব সিদ্ধান্তে খুশি হতে পারেনি একটি বিশেষ গোষ্ঠী, যাদের আমরা ‘মজুদদার সিন্ডিকেট’ নামে চিনি। তাদের প্রত্যাশা ছিল তেলের দাম বাড়বে এবং তারা চড়া লাভে ব্যবসা করবে। সেই আশায় তারা শুরু করেছে গোপনে তেল মজুদের নোংরা খেলা। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাটির নিচের গর্ত পর্যন্ত—সবখানেই এখন জমা হচ্ছে জ্বালানি তেল। এই অপতৎপরতার ফলেই বাজারে তৈরি হয়েছে এক ভয়াবহ কৃত্রিম সংকট। পাম্পগুলোতে তেলের সরবরাহ থাকলেও সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন, শুরু হচ্ছে বিশৃঙ্খলা ও বিবাদ।
কিন্তু এই সংকটের জন্য কি কেবল মজুদদাররাই দায়ী? আমাদের নিজেদের মানসিকতা নিয়েও আজ প্রশ্ন তোলা প্রয়োজন। সংকটের সামান্য গুজব শুনলেই আমরা কি হুমড়ি খেয়ে পড়ি না? লবণ, চিনি, পেঁয়াজ কিংবা আলু—প্রতিবারই যখন সংকটের কথা ওঠে, আমরা সাধারণ ভোক্তারাও প্রয়োজনের অতিরিক্ত কিনে নিজেদের ঘরে মজুদ করতে শুরু করি। আমাদের এই আতঙ্কিত কেনাকাটাই মূলত সিন্ডিকেটকে আরও শক্তিশালী করে তোলে এবং বাজারকে অস্থিতিশীল করার সুযোগ করে দেয়।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কথা ভাবলে দেখা যায়, তারা চরম সংকট, বিক্ষোভ ও সরকার পতনের মতো কঠিন সময় পার করে এসেছে। কিন্তু আজ তারা ধীরগতিতে হলেও ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণে কেবল সরকারের ভর্তুকি বা প্রশাসনিক সিদ্ধান্তই যথেষ্ট নয়। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আমাদের ভোক্তা হিসেবে নিজেদের মানসিকতার পরিবর্তন আনা এখন সময়ের দাবি। যতক্ষণ না আমরা সচেতন হবো এবং গুজবে কান দিয়ে অতিরিক্ত মজুদ বন্ধ করবো, ততক্ষণ এই ধরনের কৃত্রিম সংকট বারবার ফিরে আসবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।