![]() |
| জামালপুরের ২০ গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন |
সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরের ২০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন
সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চললেও জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের এক হাজারের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
বুধবার সকাল ৯টায় তিন উপজেলার নির্ধারিত ২০টি গ্রামের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া, উত্তর সাপধরী ও চর শিশুয়া; মাদারগঞ্জ উপজেলার লোটাবর কাজিয়াবাড়ী এবং সরিষাবাড়ী উপজেলার বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, বগারপাড়, কামারপাড়া, কুমারপুর, বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড় ও পাখাডুবিসহ মোট ২০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার বা চান্দ্র মাস অনুসরণ করে সব ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে।
এই সব গ্রামের বাসিন্দাদের বিশ্বাস— পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে একটি সরাসরি ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই ধর্মীয় বিধান যথাযথভাবে মান্য করতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম। সেই অনুযায়ী সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই তারা দিন গণনা শুরু করেন এবং আজ বুধবার কোরবানি ঈদ উদযাপন করছেন।
ইসলামপুরের দুর্গম যমুনার চর সাপধরী পশ্চিম মন্ডলপাড়া জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, "আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা এবং ঈদ পালন করছি। আজ সকাল থেকে বৃষ্টি থাকলেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ঈদের জামাতে শরিক হয়েছি।"
সাপধরী পশ্চিম মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বলেন, "আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।