![]() |
| জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার |
৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামালপুরে জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর এলাকার সরদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ব্যবসায়িক কাজের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ। ধারের টাকা পরিশোধের সময় অতিক্রান্ত হওয়ার পর পাওনাদার টাকা ফেরত চাইলে তিনি গড়িমসি শুরু করেন এবং পাওনা পরিশোধ করেননি।
পরবর্তীতে পাওনাদার এরশাদ আলী বাদী হয়ে হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানির পর হারুনুর রশীদের অনুপস্থিতিতেই আদালত তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেলান্দহ থানা পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
মেলান্দহ থানা পুলিশ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে মেলান্দহ থানায় নিয়ে আসা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, "আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় হারুনুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।