![]() |
| জামালপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার |
ফেসবুকে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ: জামালপুরে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
জামালপুরে ফেসবুক আইডি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত একটি মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁধন রায় (২২) ও ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার মো: শরিফুল ইসলাম নিপু (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন জনপ্রিয় ব্যবসায়িক ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির হুবহু নকল তৈরি করত। এরপর সেসব ভুয়া পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। গ্রাহক পণ্য কিনতে আগ্রহী হলে তারা বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করত। কিন্তু টাকা পাওয়ার পর পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দিত।
তদন্তে আরও জানা গেছে, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম নিপু একটি মোবাইল ব্যাংকিং (নগদ) অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুযোগে তিনি গ্রাহকদের অজান্তেই বিভিন্ন জাতীয় পরিচয়পত্র (NID) সংগ্রহ করে অবৈধভাবে সিম উত্তোলন করতেন। পরবর্তীতে সেই সিমগুলো তিনি বাঁধন রায়ের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন, যা দিয়ে ফেক ফেসবুক আইডি খোলা ও আর্থিক লেনদেন করা হতো।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহ থেকে নিপুকে এবং সকাল ৮টার দিকে গোপালগঞ্জ থেকে বাঁধন রায়কে গ্রেফতার করে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, "সাইবার প্রতারণা বর্তমান সময়ে একটি উদ্বেগের কারণ। আমরা এই চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে সাধারণ মানুষকেও অনলাইনে লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।" গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।