![]() |
| রৌমারীতে সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অতিরিক্ত খাজনা আদায়ের অনুমতি দিলেন ইউএনও! |
রৌমারীতে সরকারি নীতিমালা লঙ্ঘন: ইউএনও’র নির্দেশে অতিরিক্ত খাজনা আদায়ের বৈধতা!
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি নীতিমালা তোয়াক্কা না করে হাট-বাজারে অতিরিক্ত খাজনা বা টোল আদায়ের অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভায় তিনি এই বিতর্কিত সিদ্ধান্ত দেন। ইউএনও’র এমন একক সিদ্ধান্তে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী ১৪৩২ বাংলা সনের জন্য প্রতি গরু, মহিষ ও ঘোড়ার টোল ৫০০ টাকা এবং ছাগল ও ভেড়ার টোল ২৫০ টাকা নির্ধারিত। কিন্তু রৌমারী সদর হাটের ইজারাদার শাকিল আহমেদ (যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পুত্র) সরকারি নিয়ম অমান্য করে গরু প্রতি ৮০০ টাকা এবং ছাগল প্রতি ৩০০ টাকা আদায় করছিলেন।
আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে ইউএনও আলাউদ্দিন নীতিমালা বহির্ভূত এই অতিরিক্ত আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং নিজের ইচ্ছামতো প্রতি গরু, মহিষ ও ঘোড়ার জন্য ৭০০ টাকা এবং ছাগল-ভেড়ার জন্য ৩০০ টাকা টোল আদায়ের মৌখিক অনুমতি দেন।
ইউএনও আলাউদ্দিন সভায় বলেন, "ইজারাদারের দাবির প্রেক্ষিতে টোল ১০০ টাকা বৃদ্ধি করা হলো, যা পবিত্র ঈদুল আজহা পর্যন্ত কার্যকর থাকবে।" অথচ সরকারি প্রজ্ঞাপন ছাড়া এভাবে টোল বৃদ্ধির কোনো আইনি এখতিয়ার উপজেলা প্রশাসনের নেই বলে সচেতন মহল মনে করছেন।
এদিকে, যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর হাটের পেরিফেরি জায়গায় মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ও স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে স্থাপনা সরানোর নোটিশ দিলেও এক মাস পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হলেও সভাপতি ও এসিল্যান্ড রহস্যজনকভাবে তা এড়িয়ে যান।
এ বিষয়ে ইজারাদার শাকিল আহমেদের পিতা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, "হাটের ইজারা মূল্য বেশি এবং ভ্যাট-ট্যাক্সসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।"
সরকারি নীতিমালা লঙ্ঘন করে এভাবে অতিরিক্ত খাজনা আদায়ের অনুমতি দেওয়ার বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।