![]() |
| রৌমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: বালিকা দলে বালুর গ্রাম ও বালক দলে রৌমারী মডেল চ্যাম্পিয়ন |
রৌমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিকেলে অনুষ্ঠিত বালিকা পর্যায়ের চূড়ান্ত খেলায় বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এতে ২-০ গোলে যাদুরচর নতুন গ্রামকে পরাজিত করে বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বালক পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঝগড়ারচর আনন্দধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ম্যাচেও ২-০ গোলের ব্যবধানে ঝগড়ারচর আনন্দধারাকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় ও শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে মাফিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করেন ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি রাজু আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রুবেল হোসাইন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল করিম।
এছাড়াও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।