![]() |
| উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা |
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, দহকুলা গ্রামের 'মম এন্টারপ্রাইজ' নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি দোকানে কোনো মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ মোস্তাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মোঃ রায়হানুল ইসলাম তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করেন এবং ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করেন।
আদালত পরিচালনার সময় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিম মোল্লাসহ পুলিশ বাহিনীর সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।