![]() |
| জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার |
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর সদর উপজেলার নান্দিনায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অধিদপ্তরের কর্মীদের ধাওয়া খেয়ে কয়েকজন মাদকসেবী জীবন বাঁচাতে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়া অন্যদের সবাই সাঁতরে ওপারে উঠতে পারলেও আল আমিন মাঝ নদে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এবং বিকেলের দিকে তার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, একই সময়ে নান্দিনা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ৫ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, "নদে ঝাঁপ দিয়ে নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। মরদেহ উদ্ধারের পর জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে ধাওয়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। তিনি জানান, "অভিযান চলাকালে কাউকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি এবং নদে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়টিও আমার জানা নেই।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।