![]() |
| রৌমারীতে সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও ‘রিভার’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত |
রৌমারীতে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও ‘রিভার’ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন “রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)” প্রকল্পের আওতায় এই কর্মসূচি পরিচালিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ হেলাল উদ্দিন এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রিভার প্রকল্পের সিইএমআরসিবি’র সিএমই মোঃ আফজাল হোসেন। এছাড়াও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল করিম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি, প্রকল্পের আওতায় নির্মিতব্য স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের সঠিক ব্যবহার এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনসম্পৃক্ততা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্প স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় এলজিইডি দেশের ১৪টি বন্যাকবলিত জেলার ৭৮টি উপজেলায় ৫০০টি আধুনিক স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। এর মধ্যে রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নে ১০টি আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।