![]() |
| জামালপুরে শিশু রামিসা হত্যাকারীসহ ধর্ষণকারীদের ফাঁসির দাবি |
শিশু রামিসা হত্যাকারী ও ধর্ষণকারীদের ফাঁসির দাবি: জামালপুরে মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ
রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে বিশাল মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের ব্যস্ততম দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এবং জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শঙ্কর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা এবং শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাজধানীতে নৃসংশভাবে শিশু রামিসাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে বর্বর শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। খোদ জামালপুরেই গত এক মাসে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।"
বক্তারা অভিযোগ করেন, অপরাধীদের সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত না হওয়ার কারণেই দেশে এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের উদাসীনতার সুযোগ নিয়ে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং নির্বিঘ্নে চলাফেরা করছে। এর ফলে সমাজে অপরাধের প্রবণতা জ্যামিতিক হারে বাড়ছে। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শিশু রামিসার হত্যাকারীদের ফাঁসি কার্যকর এবং প্রতিটি জেলা ও উপজেলায় শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচি চলাকালে শিশু রামিসাসহ সকল নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে শহরের দয়াময়ী মোড়ে প্রায় ১০ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়। অবরোধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ ও সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।