![]() |
| ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন, লুণ্ঠিত গাড়ি উদ্ধারসহ ৪ ঘাতক গ্রেপ্তার |
ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: লুণ্ঠিত গাড়ি উদ্ধারসহ ৪ ঘাতক গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশা চালক জুয়েল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারসহ এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাইদুল ইসলাম (৪৫), আসমত আলী (৩২), খুরুম (২৫) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার কাজীর পাড়া এলাকার সুজন (২২)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার জুয়েল শেখ (৩০) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৭ এপ্রিল সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্তকারী পুলিশ দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ৪ আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নিহতের লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পূর্ব পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন লুট করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন জানান, "অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করে আমরা ৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।