![]() |
| রৌমারীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন |
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ, বৃদ্ধের সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শত্রুতার জেরে মারধরের শিকার হওয়ার পর উল্টো মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বৃদ্ধ। আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর মিয়া বলেন, “উপজেলার কান্দাপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে নুর ছালাম দীর্ঘদিন ধরে তাঁর গরু ও ছাগল দিয়ে আমার ক্ষেতের ফসল খাইয়ে নষ্ট করে আসছিলেন। এতে বাধা দিতে গেলে ওই পরিবারটি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিত। গত শনিবার নুর ছালামের ছাগল আবারও আমার বেগুন ক্ষেতের ফসল নষ্ট করলে আমার ছেলে কামাল হোসেন বাধা দেয়। এ সময় নুর ছালাম ও তাঁর লোকজন আমার ছেলেকে ধরে এলোপাতাড়ি মারপিট করে আটকে রাখে। পরে গ্রামবাসী গিয়ে আমার ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।”
ভুক্তভোগী বৃদ্ধ আরও অভিযোগ করেন, “এই ঘটনার পর আমি স্থানীয় কর্তিমারী হাটে গেলে পূর্বপরিকল্পিতভাবে নুর ছালাম, রফিকুল ও ফরহাদসহ কয়েকজন আমার ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। হাটের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাট কার্যালয়ে নিয়ে যান এবং পরে চিকিৎসার জন্য রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।”
অপহরণ মামলার বিষয়ে আব্দুল গফুর মিয়া স্পষ্ট করে বলেন, “ঘটনার দিন রফিকুলের মেয়ে ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খাতুন স্কুল থেকে বের হলে সবার উপস্থিতিতেই তার নিকটাত্মীয় কাজুমুদ্দিন নামের এক ব্যক্তি তার হাত ধরে বাড়িতে নিয়ে যান। এখানে কোনো অপহরণের ঘটনাই ঘটেনি। অথচ নুর ছালাম ও রফিকুলরা ক্ষমতার দাপটে এই ঘটনাকে সাজিয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছেন। এছাড়া গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ওই বৃদ্ধ ও তাঁর পরিবার পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে সঠিক বিচার এবং মিথ্যা হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।